শিল্পীর কাছে প্রতিটা দিনই শিল্পের প্রতি উৎসর্গ করার জন্য অনবদ্য দিন। আলাদা করে শিল্প দিবস বলে কিছু নেই। কিন্তু ২০১৯ সালে ইউনেস্কোর জেনারেল কনফারেন্সের ৪০ তম অধিবেশনে শিল্পের বিকাশ, প্রসার এবং শিল্প উপভোগের এক উৎসব উদযাপিত হয়েছিল, পরবর্তীতে এই দিনটিকে ইউনেস্কো ‘বিশ্ব শিল্প দিবস’ বা ‘World Art Day’ বলে ঘোষণা করে। তাই এই বছর, ১৫ই এপ্রিল, ‘বিশ্ব শিল্প দিবস’ হিসেবে উদযাপিত হয় এই দিনটি। শৈল্পিক সৃষ্টি এবং সমাজের মধ্যে সংযোগকে শক্তিশালী করতে, শৈল্পিক প্রকাশের বৈচিত্র্যের আরও বেশি সচেতনতার প্রচার ও প্রসারের লক্ষ্য নিয়েই এই প্রচেষ্টার সূত্রপাত হয়।

ইতিমধ্যেই করোনা মোকাবিলা করতে দেশবাসী লকডাউন এর মধ্যে দিয়ে দিনযাপন করছেন। কিন্তু শিল্পী বেঁচে থাকে শুধু শিল্পকে ভালোবেসে, এই কথা প্রমান করলেন শিল্পী সৌমিতা সাহা। বিশ্ব শিল্প দিবস উপলক্ষে সৌমিতার ক্যানভাসে ফুটে উঠল বাঙালিয়ানার রেশ। এক বাঙালি রমনি ক্যানভাস রাঙাচ্ছেন কল্পনার রঙে, কিন্তু কল্পনায় বিরাজ করছে এক মাস্ক পরিহিত মুখ।
এই লকডাউন চলাকালীন আন্তর্জাতিক সংগীতশিল্পী সৌমিতা তাঁর ভক্তদের ইতিমধ্যেই মুগ্ধ করেছেন প্রতিনিয়ত নতুন শিল্প কর্মের ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়ে। এই বার নববর্ষের সূচনা ছিল চারুকলার বিকাশে পরিপূর্ন।
সৌমিতা আরও জানান ‘শিল্পীর কাছে শিল্পের চেয়ে বড় শান্তি ও আশ্রয়ের কোনো স্থান হয়না। অনুরাগীদের কাছে এর চেয়ে বেশি সুখদায়ক কিছু আছে বলে আমার জানা নেই। এই দিনটি আমাদের সকলের কাছে খুব স্পেশাল।’





